জগৎজ্যোতি দাস

Posted by রেজওয়ান on 5:59 AM
জগৎজ্যোতি অর্থাৎ পৃথিবীর আলো। আলো হয়ে ঠিকই জ্বলেছিলেন হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের জগৎজ্যোতি দাস। মহান মুক্তিযুদ্ধে তার নেতৃত্বে দাসপার্টি মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ায় পাক হানাদারদের কাছে। জগৎজ্যোতির মুখোমুখি হওয়া মানে হানাদারদের একটি পরাজয়ের গল্প। উত্তর-পূর্ব রণাঙ্গনে মুক্তি সেনাদের কাছে প্রেরণার রসদ হয়ে উঠেন তিনি। মৃত্যুর সময়ও তিনি রেখে যান সেই প্রেরণার উৎস। ১৯৪৯ সালের ২৬ এপ্রিল হবিগঞ্জের আজিমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জগৎজ্যোতির জন্ম। জীতেন্দ্র চন্দ্র দাস ও হরিমতি দাসের ছোট ছেলে জগৎজ্যোতি দাস। বাবা ছিলেন রাজমিস্ত্রি। জন্মের পর থেকে অভাবের সঙ্গেই জগৎজ্যোতির বসবাস তার। ১৯৬৮ সালে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস করেন তিনি। উচ্চ মাধ্যমিক পাসের পর যোগ দেন সেনাবাহিনীতে। এক পর্যায়ে চাকরি ছেড়ে কিছুদিন কৃষ্ণ গোবিন্দ পাবলিক হাইস্কুলে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জগৎজ্যোতি ছিলেন সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের প্রথম সারির কর্মী। তিনি একাধিক ভাষায় দক্ষ ছিলেন। মুক্তিযুদ্ধে তার ওপর দায়িত্ব পড়ে টেকেরঘাট সাব-সেক্টরের অধীনে বিস্তীর্ণ ভাটি অঞ্চল শত্রুমুক্ত রাখার। দিরাই, শাল্লা, ছাতক, আজমিরিগঞ্জ, বানিয়াচং, জামালগঞ্জ, তাহিরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনার নৌপথ পাক হায়েনাদের দখলমুক্ত রাখার যুদ্ধে নামে জগৎজ্যোতির 'দাসপার্টি'। ভাটির জনপদে শত্রুদের ভিত কাঁপিয়ে দেয় জগৎজ্যোতির এই দাসপার্টি। দাসপার্টির মুহুর্মুহু আক্রমণে দিশাহারা পাকিস্তান সরকার রেডিওতে ঘোষণা দিতে বাধ্য হয়, 'এই রুট দিয়ে চলাচলকারীদের জানমালের দায়িত্ব সরকার নেবে না'। মাত্র ১৩ জন সহযোদ্ধা নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে পাকবাহিনীর প্রায় ২৫০ সৈন্যের একটি দলকে পর্যুদস্তু করেন তারা। এমনি আরও অনেক বিজয়ের গল্পের স্রষ্টা জগৎজ্যোতি। মাত্র ১০/১২ জন সহযোদ্ধা নিয়ে শ্রীপুর শত্রুমুক্ত করেন জগৎজ্যোতি। তার নেতৃত্বে দাসপার্টি ভেড়ামাড়ায় শত্রুদের কার্গো কনভয় ধ্বংস করে দেয়। ১৬ নভেম্বর ৪২ সদস্য নিয়ে নৌকাযোগে বাহুবল অভিযানে যাচ্ছিলেন জগৎজ্যোতি। পথে বদলপুর নামক স্থানে অজান্তেই রাজাকার ও হানাদারদের পাতা ফাঁদে পা দেন তিনি। ওইদিন প্রবল যুদ্ধ করে নিহত হন জগৎজ্যোতি। বিবস্ত্র করে তার লাশ ভাসিয়ে দেওয়া হয় ভেড়ামোহনা নদীতে।

জগৎজ্যোতির মৃত্যু সংবাদ ওই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। তার অসীম সাহসিকতার প্রতি সম্মান জানিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার তাকেই প্রথম মরণোত্তর 'বীরশ্রেষ্ঠ' খেতাব ঘোষণা করেন। ১৯৭২ সালে তাকে পুনরায় বীরবিক্রম খেতাব প্রদান করা হয় তাকে। কিন্তু ঘোষণা দিয়েও কেন জগৎজ্যোতিকে মরণোত্তর সর্বোচ্চ খেতাব 'বীরশ্রেষ্ঠ'র সম্মানে ভূষিত করা হলো না_ সে প্রশ্ন আজো রয়ে গেছে।

শাহ্ দিদার আলম, সিলেট

হেমায়েত উদ্দিন বীরবিক্রম

Posted by রেজওয়ান on 6:23 AM
১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের ঊষালগ্নে মুক্তিযুদ্ধ বলতে প্রতিপক্ষ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নিয়মিত সেনাবাহিনীর মত নিয়মতান্ত্রিক কোনো যুদ্ধ ছিল না। নিরস্ত্র বাঙালির ওপর হায়েনাদের মত ঝাপিয়ে পড়া পাক বাহিনীকে যেখানে যে অবস্থায় পাওয়া গেছে সেখানেই অসংগঠিতভাবে কোনো সেনাকমাণ্ড ছাড়াই বিক্ষুব্ধ জনতার ভেতর থেকে অসমসাহসী তরুণরা স্থানীয়ভাবে সংগৃহীত ঘরে রাখা বন্দুক, পয়েন্ট ২২-বোর রাইফেল, থানা থেকে সংগ্রহ করা ৩০৩ রাইফেল নিয়ে পাচ-দশ মিনিটের প্রশিক্ষণ নিয়ে প্রতিরোধযুদ্ধে অংশ গ্রহণ করে। দেশের প্রত্যেক থানায় ডিউটিরত পুলিশের একটি অংশও প্রতিরোধ যোদ্ধাদের সহগামী হয়। তবে সেনানিবাস ও সীমান্ত এলাকার চিত্র ছিল একটু অন্য রকম। বাংলাদেশের পুরো সীমান্তে ডিউটিরত ইপিআর বাহিনীর প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে ছিল সম্পুণ সীমান্ত অঞ্চল। আর ইস্টবেঙ্গল রেজিমেন্টে নিয়মিত বাহিনী হিসেবে বিদ্রোহকারী বাঙালি সেনাদের অবস্থান ছিল মূলতঃ বাইরে ও মুক্তাঞ্চলে। দেশের অভ্যন্তরে স্বউদ্যোগে গঠিত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন যেসব বাহিনী গড়ে ওঠে তাদের মধ্যে অন্যতম হচ্ছে তৎকালীন ফরিদপুরের হেমায়েত বাহিনী। অন্যান্য বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী, সিরাজগঞ্জের লতিফ মির্জা বাহিনী, ঢাকার মায়া বাহিনী প্রভৃতি। এছাড়া নিয়মিত বাহিনীর মধ্যেও K-Force, S-Force, Z-Force ইত্যাদি নামে আলাদা আলাদা বাহিনী গড়ে ওঠে। এসব বাহিনীর কার্যক্রম পুরো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাঙালি জাতির প্রাণস্পন্দন ও গৌরবে পরিণত হয়।

১৯৭১ সালের ২৫শে মার্চের রাতের পর ১৯শে মার্চ তারিখে ঢাকার জয়দেবপুর সেনানিবাসে অবস্থানরত পাঞ্জাবি সৈন্যদের বিরুদ্ধে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সৈন্য এবং কর্মকর্তাগণ মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। বিদ্রোহী সৈন্যদের অন্যতম ব্যান্ডপার্টির হাবিলদার হেমায়েত উদ্দিন কয়েকজন সৈন্যকে নিয়ে ফরিদপুরে আসেন। এ সময় ফরিদপুরের স্থানীয় জনগণের সহযোগিতায় তিনি পাকিস্তানি সৈন্যদের প্রতিহত করলে বেশ কিছুদিন ফরিদপুর পাক সৈন্য মুক্ত থাকে। কিন্তু ঢাকা থেকে আধুনিক অস্ত্রসস্ত্রসহ পাকিস্তানি সৈন্যরা ফরিদপুর গেলে হেমায়েত উদ্দিন সঙ্গীদের নিয়ে ২৮ শে এপ্রিল নিজ গ্রাম কোটালিপাড়ার টুপুরিয়ায় সরে আসেন। এ সময় স্থানীয় রাজাকারেরা তাকে আত্মসমর্পন না করলে তার ছেলে এবং স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। হুমকির খবর শুনে হেমায়েতের স্ত্রী আত্মহত্যা করেন। হেমায়েত সেখান থেকে সরে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় মুক্তিবাহিনী গড়ে তোলেন। তিনি এবং তার সঙ্গীরা প্রথমেই কোটালিপাড়া থানা আক্রমন করে প্রচুর অস্ত্রশস্ত্র নিজেদের দখলে নেন।

হেমায়েত বাহিনী
কিছুদিনের মধ্যেই হেমায়েতের মুক্তিযোদ্ধাদের দলটি একটি বিরাট বাহিনীতে রূপ নেয়। এ বাহিনীতে সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল সর্বমোট ৫,৫৫৮ জন। এ বাহিনীর যুদ্ধক্ষেত্র বরিশালের উত্তরাঞ্চল, খুলনা-বাগেরহাট ও যশোরের কালিয়া সহ গোপালগঞ্জ এবং মাদারীপুরের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত হয়। হেমায়েত বাহিনী পরিচালনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। এ বাহিনী ৪২টি উপদলে বিভক্ত ছিল। প্রতিটি দলে কমান্ডার, সহকারী কমান্ডার নিযুক্ত করা হয়েছিল। তবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হত কেন্দ্রীয় ভাবে। মুক্তিযুদ্ধের শুরুতে কোটালিপাড়ার জহরেরকান্দি হাই স্কুলে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। হেমায়েত বাহিনীর মধ্যে বিচার বিভাগও ছিল। নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের কারণে ২ জন গ্রুপ কমান্ডার সহ মোট ৬ জন মুক্তিযোদ্ধাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল।

তাঁর নেতৃত্বে ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে হেমায়েত বাহিনী গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রায় ৫০০ পাকিস্তানি সেনাকে পরাস্ত করে এই এলাকা শত্রুমুক্ত করে। ২ ডিসেম্বর রাতে ২৪ জন সাব কমান্ডার নিয়ে তিনি সিদ্ধান্ত নেন চূড়ান্ত আক্রমণের।
মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টিকারী সেসব বিজয়গাথা শুনুন সেই বীর মুক্তিযোদ্ধার মুখেই:
"১৯৫৯ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের পর প্রশিক্ষণ শেষে আমার প্রথম পোস্টিং হয় পশ্চিম পাকিস্তানে। পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষক হিসেবে আমি সেখানে যোগদান করি। বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের পর ৯ মার্চ স্ত্রী হাজেরা ও শিশুপুত্র হাসিবকে নিয়ে অ্যাবোটাবাদ ক্যান্টনমেন্ট ছেড়ে করাচিতে আসি। আবার ১৪ মার্চ পি আই এ'র একটি ফ্লাইটে ঢাকায় আসি। স্ত্রী-সন্তানকে সদরঘাট থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ার টুপুরিয়ার গ্রামের বাড়িতে পাঠানোর জন্য একটি লঞ্চে তুলে দিই। এবং যোগ দিই ঢাকার জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়িতে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে। পরে নিজ এলাকায় চলে আসি এবং নিজেই বাহিনী গড়ে তুলি। ৮ হাজার মুক্তিযোদ্ধাকে নিয়ে গড়ে তুলি হেমায়েত বাহিনী। আমাদের এই বাহিনীর লিয়াজোঁ কমিটি, জল্লাদ বাহিনী, প্রশিক্ষণ ইউনিট ও প্রশাসনিক ইউনিট নামে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছিল। প্রশাসনিক ইউনিট মুক্তিযোদ্ধাদের জন্য খাদ্য, অর্থ, রেশন, ওষুধ, জামা-কাপড় ও নৌকা সংগ্রহ করত। প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই প্রশাসনিক ইউনিটের সাবকমিটি গঠন করা হয়েছিল। কোটালীপাড়ার কলাবাড়িতে চিত্তরঞ্জন গাইনের বাড়িতে একটি ট্রেনিং ক্যাম্প গড়ে তুলি, যেখানে পুরুষের পাশাপাশি নারীদেরও সামরিক ট্রেনিং দেয়া হতো। প্রথমে ৮০ জনের একটি দলকে ৩০৩ রাইফেল খোলা, জোড়া লাগানো, এইম করা এবং ফায়ারিং করা শিখিয়েছি। মুক্তিযুদ্ধ চলাকালে বেশ কয়েকটি সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয় আমাদের 'হেমায়েত বাহিনী'। উল্লেখযোগ্য যুদ্ধ হয় রামশীল, হরিণাহাটি, শেখ বাড়ির যুদ্ধ, কলাবাড়ির যুদ্ধ, মাটিভাঙ্গা, বাঁশবাড়িয়া, ঝনঝনিয়া, জহরের কান্দি, কোটালীপাড়া সদর প্রভৃতি স্থানে। এ ছাড়া ছোটখাটো যুদ্ধ হয়েছে আরো কয়েকটি। স্বাভাবিকভাবেই এসব যুদ্ধের নেতৃত্ব দিয়েছি আমি।

প্রথম যুদ্ধ
আমরা তিন তিনবার কোটালীপাড়া থানা আক্রমণ করেছি। প্রতিবারই বীরত্বের সঙ্গে সফল হয়েছি এবং অস্ত্র লুটে নিয়েছি। সেই অস্ত্র আমরা যুদ্ধে ব্যবহার করেছি। হেমায়েত বাহিনীর কোটালীপাড়ায় প্রথম যুদ্ধ হয় ২৮ এপ্রিল। সেদিনই আমি প্রথম গ্রামে প্রবেশ করি। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন আমাকে দেখার জন্য ভিড় করতে থাকে। এদিন সকাল ৯টার দিকে কোটালীপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের লেখা একটি চিঠি আসে আমার কাছে। চিঠিতে লেখা ছিল আওয়ামী লীগের ২৫-২৬ নেতা-কর্মীকে নজরবন্দী অবস্থায় থানায় আটকে রাখা হয়েছে। তাদের প্রাণে বাঁচানোর জন্য বিশেষ অনুরোধ করা হয়। চিঠিটি সহযোগীদের পড়ে শুনাই এবং সিদ্ধান্ত নিই তাদের উদ্ধারের। দেরি না করে আমরা তখনই থানার দিকে রওনা হই। কোটালীপাড়া থানা এলাকায় পৌঁছে আমি দুটি মেশিনগান থানার দিকে তাক করে অবস্থানের নির্দেশ দিই এবং নিজের এসএমজি'টি ফায়ারিং পজিশনে রেখে থানায় প্রবেশ করি। আমার সাজসজ্জা এবং লোকবল দেখে থানার সব পুলিশ ভয় পেয়ে যায়। কোনো যুদ্ধ ছাড়াই থানায় আটক আওয়ামী লীগ নেতা-কর্মীদের মুক্ত করে আনি। পরে ওই সব নেতাও হেমায়েত বাহিনীতে যোগ দেন।
 
ঢাকা জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হেমায়েত উদ্দিন বীরবিক্রম (বামে), ড. আকবর আলী খান, মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার ও কবি বেলাল চৌধুরী।
তবে জীবনের শেষ সময়ে দাঁড়িয়ে অনেক দুঃখ আর ক্ষোভ জমে আছে আমার মনের মধ্যে। জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে সেদিন আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। যে সব শ্রমিক, কৃষাণ ও সাধারণ মানুষ যুদ্ধ করে এ দেশের স্বাধীনতা এনেছে তাদের মূল্যায়ন হয়নি। বিশেষ করে আমার দলে থাকা ৮ হাজার মুক্তিযোদ্ধাও মূল্যায়ন পাননি। এই বেদনা কখনো ভুলে যাওয়ার নয়।"

হেমায়েত উদ্দিন মুক্তিযুদ্ধে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত হন।

হেমায়েত উদ্দিন ১৯৪১ সালের ৩রা ডিসেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ আবদুল করিম এবং মা ছখিনা বেগম।

হেমায়েত উদ্দিন বীরবিক্রম বর্তমানে 'বঙ্গবন্ধু একাডেমী' নামে একটি সংগঠনের সভাপতি।

স্বাধীনতার পর ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে ফরিদপুরের একটি আসনে প্রতিদ্বদন্ধী ন্যাপ (মোজাফ্ফর)-এর প্রার্থী কমলেশ বেদজ্ঞসহ ৪ খুনের মামলায় হেমায়েত উদ্দিন বীরবিক্রমকে আসামী করা হয় (দৈনিক সংবাদ, ১১ মার্চ, ১৯৭৩)। মামলাটি অদ্যাবধি বিচারাধীন বলে জানা গেছে।
সূত্র: দৈনিক কালের কণ্ঠ | The Daily Star
লিখেছেন : মতিউর রহমান

গিরীন্দ্র সিংহ

Posted by রেজওয়ান on 12:30 PM
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি ছাড়াও অন্যান্য জাতিসত্তার সক্রিয় অংশগ্রহণ ছিল অনেকেই বিষয়টা প্রায় ভূলে থাকতে চান ৷ ফলে ইতিহাসের পাতা থেকে বাদ পড়ে যায় তারা৷ হিসাব-নিকাশ না করে কেবল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষ কীভাবে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল, ইতিহাসের পাতা থেকে বাদ পড়ে যায় সেই পরিচ্ছেদ৷

... এ রকমই এক শহীদের নাম গিরীন্দ্র সিংহ ৷ জাতিগত পরিচয়ে মণিপুরী −বিষ্ণুপ্রিয়া আদিবাসী সম্প্রদায়ভূক্ত। জন্ম তার ১৯৩০ সালে তৎকালীন মৌলবীবাজার মহকুমার কমলগন্জের মাধবপুরে আউলেকি গ্রামে।

... মনিপুরী গ্রামের পেছনে নদী সংলগ্ন শ্বশানঘাট থেকে পাক বাহিনী ও তাদের দোসরদের সাথে যে যুদ্ধ শুরু হয়েছিল তার সংগঠন ও নেতৃত্তে ছিলেন গিরীন্দ্র। সাধারন অস্ত্র লাঠি, বর্শা এবং আরো নানান প্রাচীন অস্ত্রকে সম্বল করে পরিচালিত হয় এই লড়াই। রক্তে লাল হয় ধলাই নদীর পানি। ১৯৭১ সালের আগষ্টের ১২ তারিখে হানাদাররা মণিপুরী বিষ্ণুপ্রিয়া সমাজের পুরোহিত সার্বভৌম শর্মাকে গ্রেফতার করে নিয়ে গুলি করে মেরে ফেলে। এরপর ফুঁসে উঠে গিরীন্দ্রের নেতৃত্তে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের তরুন সম্প্রদায়। মুক্তিবাহিনীতে মণিপুরী যোদ্দ্ধাদের সংখ্যা বাড়তে থাকে। বাবুসেণা সিংহ, থইবা সিংহ, নিমাই সিংহ, বাসন্তী সিংহ, বসন্তকুমার সিংহ, পদ্মাসেন সিংহ, রবীন্দ্র সিংহ, আনন্দ সিংহ, মন্ত্রী সিংহ, নীলমণি চ্যাটার্জ্জিসহ অসংখ্য বীর তরুন জীবন বাজি রেখে মাতৃভূমি রক্ষার যুদ্ধে ঝাপিয়ে পড়েন। কেউ অস্ত্র হাতে,কেউ সংবাদবাহক হিসাবে, কেউ বা সংগঠকের ভূমিকায়, আর গিরীন্দ্র ছিলেন তাদের মধ্যমণি।

গিরীন্দ্র ছিলেন অসীম সাহসি ও অসাধারন দৈহিক ক্ষমতার অধিকারী। যুদ্ধের পাশাপাশি মাধবপুর থেকে মুক্তিযোদ্ধাদের জন্য খাবারদাবার সরবরাহের দ্বায়িত্ব ছিল তার উপর। মাঝেমধ্যে গোপনে এস ভীতসন্ত্রস্ত মণিপুরীদের অভয় দিয়ে আবার ফিরে যেতেন কর্তব্যস্থলে। মাগুরছড়ায় মাইন পাতার কাজ তাকে দেয়া হয়।

... আশ্বিন মাসে দুর্গাপুজার সময় (সেবছর অবশ্য শুধু ঘটপুজো হয়েছিল) মাধবপুরে মুক্তিযোদ্ধাদের একটি অপারেশনের সময় শত্রুসৈন্যদের হাতে ধরা পড়েন । এরপর তাকে জীপে করে ধলাই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে সপ্তাহখানেক আটকে রেখে নৃশংসভাবে শারীরিক নির্যাতন চালিয়েও তার কাজ থেকে কোন তথ্য বের করতে না পেরে তাকে হত্যা করে লাশ ধলাই নদীতে ভাসিয়ে দেয় পাকবাহিনী ও তার দোসররা। যে ধলাই নদীর তীর থেকে অকুতোভয় এই মুক্তিযোদ্ধা সংগ্রামের ডাক দিয়ে মণিপুরী তরুনদের উজ্জিবীত করেছিলেন, সেই ধলাইয়ের পানিতেই তার সমাধি ঘটে।

... স্বাধীন বাংলাদেশের জন্মযজ্ঞের অন্যতম এই কারিগরের পরিবার ও উত্তরসুরিরা কেউ আজ পর্যন্ত রাস্ট্রের কাছ থেকে কোন আনুকুল্য পায়নি, কারণ গিরীন্দ্রকে তথাকথিত মুক্তিযোদ্ধা সাটিফিকেট বা পদক দিয়ে জাতে তোলা হয়নি ।

... কয়েক বছর আগে স্থানীয় উদ্যোগে শিববাজারের মণিপুরী ললিতকলা একাডেমী প্রাঙ্গনে শহীদ গিরীন্দ্র সিংহের একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। অভাবক্লিষ্ট গিরীন্দ্রের উত্তরসুরিরা সেই স্মৃতিস্তম্ভের দিকে তাকিয়ে পাওয়া ন্যুনতম সান্তনায় রাস্ট্রের উদাসীনতাকে কখনোই মেনে নিতে পারেনা।

লিখেছেন: কুঙ্গ থাঙ

নুরউদ্দীন আহমদ

Posted by রেজওয়ান on 12:22 PM
নুরউদ্দীন আহমদ_একজন সফল সরকারি কর্মকর্তা, অমায়িক ভদ্রলোক ও সর্বোপরি একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর স্ত্রী বদরুন্নেসা আহমেদ আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। ১৯৫৪ সালের নির্বাচনে প্রথম সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর বাড়ি বঙ্গবন্ধুর বাড়ির পাশেই। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও ঘনিষ্ঠতা। তাই দেশে যখন ১৯৭০-এর নির্বাচনের তোড়জোড় চলছে, তখন নির্বাচনের উত্তাপ তাঁদের বাড়িতেও। একজন সরকারি কর্মকর্তা, যাঁর স্ত্রী একজন নেতৃস্থানীয় রাজনীতিবিদ, নুরউদ্দীন আহমেদের জীবনে অনেক সংঘাত ও টেনশন আসে। তা সত্ত্বেও তিনি ছিলেন অবিচল ও স্থির। তাঁর কথা একটাই : আমরা একে অপরের পেশায় হস্তক্ষেপ করি না। সত্যিই অপূর্ব এক পারিবারিক সমীকরণ, যা নুরউদ্দিন বজায় রাখতেন।
মুক্তিযুদ্ধের সময়নুরউদ্দীন ঢাকা ছেড়ে গেছেন ও মুজিবনগর সরকারে যোগ দিয়েছেন। সেখানে তিনি বন, মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেন।
দেশ স্বাধীন হলো। নুরউদ্দীন দেশে ফিরে এলেন। সচিব পদে আবার অধিষ্ঠিত হলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের কাজ হাতে নিলেন। দেশে তখন চরম দুরবস্থা, আর তাঁর মন্ত্রণালয়ের কাজ তো অনেক। স্ত্রী বদরুন্নেসা আহমেদ এর মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিলেন, তারপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তিনি এবং অকালে ইন্তেকাল করলেন। বঙ্গবন্ধু নিহত হলেন। খৰ নেমে এল নুরউদ্দীনের পরিবারের ওপর। মোশতাক সরকার তাঁকে জেলে পাঠালেন। মুক্ত হয়ে তিনি ফিরে এলেন সাত মাস পর। তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। সরকারি চাকরি থেকে অবসর নিলেন তিনি। সত্যিই তাঁর জীবন তখন এক নাগরদোলার মধ্য দিয়ে গেছে।
তবে প্রফেশনাল জীবনে নুরউদ্দীন সার্থক, যিনি বন বিভাগের এক সিনিয়র ফরেস্ট অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন ব্রিটিশ আমলে, তিনি পাকিস্তান আমলে তাঁর বিভাগের প্রধান হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই বিভাগের মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেন। আন্তর্জাতিক মণ্ডলেও তাঁর ব্যাপ্তি ছিল। একাধিকবার বিদেশ সফরে গেছেন, কাজ করেছেন। দেশে ও বিদেশে তিনি অনেক সুনাম পান।
কুষ্টিয়ার শৈশবকাল ও স্কুলজীবন, কলকাতার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন, দেরাদুনে চাকরিতে প্রশিক্ষণ এবং পরে চাকরিতে যোগদান, তারপর বিভিন্ন জেলার বনে বনে দিন কাটানোর এক বিচিত্র অভিজ্ঞতা। ৮৮ বছর বয়সে বলে গেছেন তিনি তাঁর জীবনকাহিনী আর তার যোগ্য মেয়ে তা টুকে নিয়েছেন। বাবা ও মেয়ের যৌথ প্রচেষ্টার ফল এই সুখপাঠ্য কাহিনী।
অসাধারণ দক্ষতার সঙ্গে তিনি বাঙালি জীবনের এক মধ্যবিত্ত পরিবারের কাহিনী বলে গেছেন অত্যন্ত সাদাসিধে ও নিঃসংকোচে। কিছুই ঢাকার চেষ্টা করেননি তিনি। তাঁর প্রথম প্রেম, প্রথম বিবাহ ও পরবর্তী বিবাহজীবন সম্বন্ধে বলে গেছেন অকপটে।

উষা দাশ পুরকায়স্থ

Posted by রেজওয়ান on 4:45 PM
“পাকিস্তানি এক বাঙ্কারে সাতান্ন জন নারীর লাশ দেখেছি। পাকিস্তানিদের বর্বরতার এ দৃশ্য আমাকে আজো কষ্ট দেয়”। মুক্তিযুদ্ধের স্মৃতির কথা বলতে গিয়ে উষা দাশ পুরকায়স্থের ভেতর থেকে উঠে আসা কষ্টের উচ্চারণগুলো এরকম। এক সাগর রক্ত আর বেদনার গর্ভ থেকে জš§ আমাদের এই দেশের। অনেক চড়াই-উতড়াই আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা পৃথিবীর মানচিত্রে আমাদের ঠাঁই করে নিয়েছি। একদিকে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে যুদ্ধ অন্যদিকে এদেশীয় রাজাকার-আল-বদরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ। এই যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধের অপরাধীদের হাতে সেদিন নির্যাতিতা হয়েছিলো অনেক নারী। আবার প্রতিরোধও গড়ে তুলেছিলেন অনেকে। মুক্তিযোদ্ধাদের সহযোগিতার মাধ্যমে স্বাধীনতার পথকে যাঁরা সুগম করেছেন উষা দাশ পুরকায়স্থ তাঁদের মধ্যে অন্যতম। ১৯২৭ সালের ১০ ফেব্রুয়ারি সিলেটের এক নিভৃত পল্লীতে জšে§ছিলেন উষা দাশ। ছেলেবেলা থেকেই ছিলেন ডানপিটে। দিনেশচন্দ দাশগুপ্ত ছিলেন তাঁর বাবা। মা ¯েœহপ্রভা দাশগুপ্তাকে হারান সেই শৈশবেই। সিলেটের লেডিন গার্লস স্কুলের শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত হয়েছেন। পরে মামা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর জেনারেল সি আর দত্তের সংস্পর্শে এসে আরো বেশি রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। উষা দাশের শ্বশুরালয়ের সবাই ছিলেন কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। ৬৯ এর গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে তাঁর অবদান ছিলো উল্লেখযোগ্য। মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য তিনি নিজ বাড়ির জিনিসপত্রও তাঁদের দিয়ে দিতেন। নেপথ্যে থেকেই উষা দাশ শিখিয়েছেন বৈরী পরিবেশের মধ্যেও আমাদের ঐক্য আর মনোবল যদি অটুট থাকে তবে কোনো রাহু আর আমাদের স্বপ্নকে গ্রাস করতে পারবে না।

কর্ণেল আবু তাহের

Posted by রেজওয়ান on 8:44 AM

১৯৩৮ সালের ১৪ নভেম্বর আবু তাহেরের জন্মগ্রহণ করেন আসামের বদরপুর রেলওয়ে স্টেশনে নানার কর্মক্ষেত্রে ।
পৈত্রিক নিবাস : নেত্রোকোনা জেলার পূর্বধলা থানার কাজলা গ্রামে ।
পিতা : মহিউদ্দিন আহমেদ । রেলওয়েতে চাকুরী করতেন ।
মাতা :আশরাফুন্নেসা ।
আবু তাহের এগারো ভাইবোনের মধ্যে তৃতীয় ।
ছোটবেলা হতেই সাহসী ছিলেন কর্ণেল তাহের । ১৯৫২ সালে পিতার কর্মসূত্রে চট্টগ্রামে থাকার সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী নুরুল আমীনের চট্টগ্রামের দোহাজারীতে ট্রেনে করে যাবার সময় ষোলশহর স্টেশনের কাছে তাঁর কামরায় পাথর ছুঁড়ে মারেন কর্ণেল তাহের ।
১৯৫৫ সালে ম্যাট্রিক পাশ করেন কুমিল্লা হতে । ১৯৫৮ সালে এম.সি কলেজ হতে ইন্টার পাশ করেন । বামপন্থীয় রাজনৈতিক মতাদর্শের প্রতি অনুরাগ তখন থেকেই গড়ে উঠে তাঁর ।
১৯৬০ সাল : পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন ।
১৯৭১ সাল : পাকিস্তান হতে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেন । ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তিনি ।
১৯৭২ সাল : জাসদে যোগদান করেন ।
১৯৭৫ সালের ০৭ নভেম্বর : তাঁর নেতৃত্বে জাসদ , বিপ্লবী গণ বাহিনী , বিপ্লবী সৈনিক সংস্থার যৌথ উদ্যোগে মহান সিপাহী জনতা বিপ্লব সংঘটিত হয় ।
১৯৭৬ সালের ২১ জুলাই : মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গোপন-সাজানো বিচারে জিয়া সরকার তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়।

মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া

Posted by রেজওয়ান on 2:13 PM
মুক্তিযুদ্ধের প্রারম্ভে হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্ব প্রথম অস্ত্র তুলে ধরেছিলেন ততকালীন বাংগালী সেনা (ইবিআর ও ইপিআর) সদস্যরা। তাদেরই একজন হলেন ফরিদ মিয়া। ৭১'এর রক্তক্ষয়ী যুদ্ধে দুইটি পা হারিয়ে এখন তিনি বাংলাদেশের একমাত্র যুদ্ধাহত হুইল চেয়ার ব্যবহারকারী সেনা সদস্য। যিনি বর্তমানে ঢাকার মিরপুরে বসবাসরত। হুইল চেয়ার ব্যবহার করলেও জনাব ফরিদ মিয়াকে আনুসাঙ্গিক সকল কাজই করতে হয়ে স্ত্রী নৌশিন আক্তারের সাহায্যে। দীর্ঘদিন থেকে নৌশিন আক্তার স্বামীর প্রতি তার এই দায়ীত্ব পালন করে আসছেন একাগ্র চিত্তে। যে ফরিদ মিয়া একদিন মাতৃভূমিকে রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন, সেই ফরিদ মিয়াকে এখন চলতে হয় নীজ স্ত্রীর কোলে চড়ে। নিজের পা হারিয়েও দুঃখ নেই তার, শুধু দুঃখ হয় যে দেশের জন্য তার এই আত্মত্যাগ সেই দেশ যখন তাকে অবহেলা করে তখন। আসুন নীচের ভিডিওতে শোনা যাক তার নিজের কথা।